সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহ-সভাপতি জনি দেওয়ানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।