বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে গিয়ে তিনি শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সমাধি এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।