আগামী জানুয়ারির অধিবেশনে জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংশোধনী বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়ে তাঁদের মতামত গ্রহণ করে বিশেষ কমিটি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবনায় পরিবর্তন আসায় সংবিধান সংশোধনী পাসের পর গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভেদের পরিবর্তে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে চায় সরকার।
এর আগে গত ১৩ জুলাই জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়।
কমিটিতে বিরোধী দলের পাঁচজন প্রতিনিধি চাওয়া হলেও তারা কোনো নাম দেয়নি। পরে বিরোধী দল কমিটিটি প্রত্যাখ্যান করে।