গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস পরিবারের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১
গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস পরিবারের


রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের গাড়িচাপায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফের পরিবারের সঙ্গে নিহতের পরিবারের ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আজান আলী শরীফকে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মো. আলমগীর হোসেন।


আদালতকে আইনজীবী জানান, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং নিহতের পরিবারকে ইতোমধ্যে নগদ ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। আপসনামায় বাদীপক্ষ সই করেছে। সেখানে আসামি জামিনে মুক্তি পেলে বা মামলায় খালাস পেলে তাদের আপত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে।


আইনজীবী আলমগীর হোসেনের ভাষ্য, নিহত মেহেদী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তার মা-বাবার দেখাশোনার বিষয় বিবেচনায় নিয়ে মধ্যস্থতার মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হয়েছে।


কোথায় সমঝোতা হয়েছে—এমন প্রশ্নের জবাবে আইনজীবী জানান, একটি ডেভেলপার প্রতিষ্ঠানের কার্যালয়ে উভয় পক্ষের স্বজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যদের উপস্থিতিতে আলোচনা হয়েছে।


নিহতের পরিবারকে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি তা অস্বীকার করেন। তার দাবি, নিহতের পরিবার প্রথমে ১০ লাখ টাকা চেয়েছিল। পরে আলোচনার মাধ্যমে ৯ লাখ টাকায় সমঝোতা হয়।


তবে দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিল, তা নিয়ে ভিন্ন বক্তব্য রয়েছে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, কিশোর আজান গাড়ি চালাচ্ছিল না। দুর্ঘটনার পর গাড়িটি উল্টে গেলে তাকে ওই দিক দিয়ে বের হতে দেখা যায়।


অন্যদিকে মামলাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারিধারা ১ নম্বর সড়কের ফুটপাতে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম গাড়িচাপায় নিহত হন। ঘটনার পর আজান আলী শরীফকে উপস্থিত লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।


প্রথমে তাকে মামলায় আসামি করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সামনে আসার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


তবে গাড়িটি কে চালাচ্ছিল এবং দুর্ঘটনার দায় কার—এসব বিষয় আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য