‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা দেবে কে’, প্রশ্ন আজহারীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১
‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা দেবে কে’, প্রশ্ন আজহারীর



দেশের বিভিন্ন স্থানে শিশু ও তরুণদের ঘিরে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক ফেসবুক পোস্টে তারা এসব প্রতিক্রিয়া জানান।


পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন শায়খ আহমাদুল্লাহ।


তিনি বলেন, একের পর এক এমন হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী স্তম্ভিত। এ পরিস্থিতিতে এই ভূখণ্ডকে কবে নিরাপদ ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে—সেই প্রশ্নও তোলেন তিনি।


কামরুন্নাহার কলি ও অপ্রতিমের পরিবার যেন সুবিচার পায়, সেই প্রত্যাশা জানিয়ে আহমাদুল্লাহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।


মাদক ও কিশোর গ্যাংসহ যেসব সামাজিক সমস্যা সহিংসতা ও অপরাধের পরিবেশ তৈরি করছে, সেগুলো প্রতিরোধেও রাষ্ট্র ও সমাজকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।


অন্যদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা দেবে কে?”


মানবিকতা ও বিবেকবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।


আজহারী বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়। এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাই সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য