ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৪৯০টি এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে গাড়ি চালালে বা অবৈধভাবে ওভারটেক করলে এআই ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করা হবে। পাশাপাশি সড়কে যে সাইন-সিগন্যাল দেওয়া রয়েছে, তা অমান্য করলেও জরিমানা করা হবে।
তিনি বলেন, জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চলে যাবে। একই সঙ্গে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য পৌঁছে যাবে। পরে গাড়ির মালিক মোবাইল ফোন বা সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহার করে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবে। এর ফলে মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগান্তকারী ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।