ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:২৬
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ



ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ মর্যাদা প্রদানসহ শিক্ষা, গবেষণা ও বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।


এ ছাড়া বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়।


উপাচার্য মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।


একই সঙ্গে গবেষণা ফান্ড বৃদ্ধি, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারের সহায়তা চান তিনি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।


উপাচার্যের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।


সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য