যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাঁকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্ক সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ ও সফল উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।
মাহদী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার ও দলের নাম ব্যবহার করে অনিয়মের বিষয়ে তিনি বলেন, কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে ঘিরে নেতাকর্মীদের ভিড় পছন্দ করছেন না। বিষয়টিকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন তারেক রহমান। জাতিসংঘে দেওয়া ভাষণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে রবিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের প্রতিনিধিরা।