দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে গেছে আগের সরকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে গেছে আগের সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগের সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে দেশের সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তার দাবি, অতীতে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। এ অর্থ দেশেই বিনিয়োগ হলে অনেক উন্নয়নমূলক সমস্যা সমাধান করা সম্ভব হতো।

তিনি বলেন, বর্তমান সরকার ধাপে ধাপে সমাধানযোগ্য সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করছে এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো জাতি বা জনগোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না—এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের স্বীকৃতি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির আইনগত মালিকানা নিশ্চিতকরণ, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ এবং বিভিন্ন প্রকল্প বা সংরক্ষিত বনাঞ্চলের নামে উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস, হার্টের রিংসহ জরুরি চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য