চলতি বছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গলে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বৈঠক করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।