রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওটিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। সেই দাবি পূরণ না করায় তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়। হামলাকারীরা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় সালমান ঢাকার বাইরে ছিলেন। হামলার খবর পেয়ে রাজধানীতে ফিরে স্টুডিও পরিদর্শন করেন তিনি। পরে ফেসবুক লাইভে ক্ষতিগ্রস্ত স্টুডিওর চিত্র তুলে ধরেন।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন হঠাৎ ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। তাঁর দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগও নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।