রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ১৫ আগস্টের শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। সভায় আরও কয়েকজন বড় নেতার আসার কথা থাকলেও তারা আসেননি। অংশগ্রহণকারীদের অনেকেই নতুন কেনা সাদা পাঞ্জাবি পরা ছিলেন।
পুলিশ ওই ফ্ল্যাটের মালিক কে এবং অনুষ্ঠানের অর্থায়ন কারা করেছে, তা খতিয়ে দেখছে।