বন্যায় মৎস্য খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি কৃষক

বন্যায় মৎস্য খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি কৃষক

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, শুধু মৎস্য খাতেই প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, বন্যার কারণে প্রায় ৬২ হাজার ৫০০ হেক্টর জমির আউশ ধান ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার সবজিক্ষেতও পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

বন্যার পানিতে মাছ ও চিংড়ির ঘের তলিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ পোনা ভেসে গেছে। মৎস্য অধিদপ্তরের হিসাবে, এ খাতে ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বন্যার প্রভাবে ৫ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোরসহ ১৬টি জেলায়। এসব এলাকায় মোট ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

এদিকে, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি জমিতে নতুন করে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে উৎপাদিত চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বিতরণ করা হবে।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে অর্থের অপচয় না হয়। পাশাপাশি আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য