বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রদ্রিগেজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে সংসদকে প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় হয়।
বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ চালু রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে আহত চারজন—জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার—বৈঠকে অংশ নেন।