‘বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনে কামড়ায়, রাতেও কামড়ায়’

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
‘বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনে কামড়ায়, রাতেও কামড়ায়’


ডেঙ্গুবাহী মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আজমুল হক বলেছেন, ডেঙ্গু মশা এখন দিনে যেমন কামড়ায়, তেমনি রাতেও কামড়ায়। পরিষ্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও এ মশার উপস্থিতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় গোপালগঞ্জ জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।


আজমুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গুবাহী মশার বিস্তার ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য