বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে শিক্ষার্থীদের সুবিধার্থে বীর প্রতীক এটিএম খালিদ রিডিং রুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলম মিয়ার তত্ত্বাবধানে রিডিং রুমের উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক দানিয়েল ইবনে আহাম্মেদসহ আরো অনেকে।
এসময় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং হলের সিনিয়র শিক্ষার্থী মো: শামীম রেজা বলেন, আশরাফুল হক হলে বীর প্রতীক এটিএম খালিদ রিডিং রুম উদ্বোধন হওয়ায় আমরা শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। পড়াশোনার জন্য এটি আমাদের প্রয়োজনীয় একটি সুবিধা। বিশেষ করে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এই রিডিং রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হল প্রশাসনের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে বীর প্রতীক এটিএম খালিদ রিডিং রুম উদ্বোধনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ১৯৮০ সালে তৎকালীন ছাত্রনেতা আমাদের শ্রদ্ধেয় খালিদ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ সময় পর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলম মিয়ার উদ্যোগে তাঁর স্মরণে এই দৃশ্যমান পদক্ষেপ সম্পন্ন হলো। বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো হানাহানি চাই না, চাই পড়াশোনার সুষ্ঠু পরিবেশ। এই রিডিং রুমে অধ্যয়ন করে শিক্ষার্থীরা বিসিএসসহ সব জায়গায় ভালো ফলাফল করবে এই প্রত্যাশা করি।
হল প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।