আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে ভূমিকা রাখলে পুলিশকে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১
আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে ভূমিকা রাখলে পুলিশকে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যাদের তিনি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করেছেন, তাঁদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদেরকে আইনের আওতায় আনতে পারবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব।’ গত সপ্তাহে এ ধরনের দুজন এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।


পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এত দিন দেশেই আত্মগোপনে ছিলেন। তাঁদের অবস্থান শনাক্তে গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানো হয়েছিল কি না, সে প্রশ্ন তোলেন তিনি।


পুলিশের গোয়েন্দা তথ্যকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অন্য সংস্থার তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্যও তিনি পুলিশের তথ্য ব্যবহার করেন। তাই পুলিশ সদস্যদের নিজেদের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেন।


দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় হতাহতের ঘটনা এবং বিগত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। জাতিসংঘের হিসাব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক মাসে দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন।


এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা না করার অভিযোগ তুলে তিনি বলেন, তাঁরা দেশের বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন।


শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের ফেরত দিতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।


সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলেও আইন নিজস্ব গতিতে চলবে।


অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য