জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ছয় মাস না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে ভিন্নভাবে ভাবতে শুরু করেছে। তবে তারা এখনই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না এবং ভবিষ্যতেও এমন তুলনা করতে চান না।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড এবং ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের প্রাণ গেছে বলেও দাবি করেন তিনি।
সারজিস আলম আওয়ামী লীগকে গণহত্যাকারী ও খুনি হিসেবে আখ্যায়িত করে বলেন, দলটি দেশ ছেড়ে পালিয়ে গেছে। এসব কারণে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে তারা রাজি নন।
তিনি আরও বলেন, বিএনপির বর্তমান কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, তা তারা পর্যবেক্ষণ করছেন। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি।