স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে পরিদর্শনকালে তিনি থানার সার্বিক পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় মন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি থানায় কর্মরত সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন। তাদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল কাজ হলো জনগণের সুরক্ষা ও সেবা নিশ্চিত করা। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে হবে।
তিনি বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়াই নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন—সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।