৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯
৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে তা সম্ভব হয়নি। এখন ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি বলেন, ২৭ জুলাই ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকায় শিক্ষা প্রশাসন ওই আয়োজন নিয়ে ব্যস্ত থাকবে। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা জোরালো।


চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশ সম্ভব হয়নি।


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষায় বহিষ্কারের ঘটনাও ছিল তুলনামূলকভাবে কম।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য