বিশ্বকাপের মিশন শুরু করতে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক Lionel Messi। চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তিনি দলের হয়ে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ Lionel Scaloni।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটিই টুর্নামেন্টের সবকিছু নির্ধারণ করে না। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে দল জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং ধাপে ধাপে এগোতে হয়।
আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন মেসি, Emiliano Martínez এবং Julián Álvarez। মেসি হ্যামস্ট্রিংয়ের হালকা সমস্যায় ভুগছিলেন, আলভারেজের গোড়ালিতে চোট ছিল এবং মার্তিনেজের হাতে আঙুলের চোট থাকলেও তারা সবাই শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
মধ্যমাঠে Rodrigo De Paul, Alexis Mac Allister এবং Enzo Fernández-এর সমন্বয়ে শক্তিশালী ত্রয়ী দেখা যেতে পারে। অন্যদিকে আক্রমণভাগে মেসি, আলভারেজ ও Thiago Almada-এর ওপরই ভরসা রাখবেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
অন্যদিকে, আলজেরিয়ার আক্রমণভাগে নেতৃত্ব দিতে পারেন Riyad Mahrez। তার সঙ্গে থাকবেন মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি। রক্ষণভাগে অভিজ্ঞ এইসা মান্দি ও রামি বেনসেবাইনির ওপর ভরসা করবে উত্তর আফ্রিকার দলটি।
আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:
লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি।
বিশ্বকাপে শুভ সূচনার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সমর্থকদের আশা, মেসির নেতৃত্বে প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।