ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে মানুষের জীবন রক্ষায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক নিয়োগ বা সংযুক্ত করা হবে।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুমে হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত জনবল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের চাহিদা দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় তথ্য জানালে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, “ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেভাবে পারি অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে।”
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো রোগীর অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। তিনি আরও বলেন, রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে চিকিৎসকরা যেন দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করেন, যাতে অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও প্রশাসনিক অবদানের কথাও উল্লেখ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার প্রশংসা করেন।