যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় এসে পৌঁছায় দলটি। শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর বিপরীতে অবস্থিত এবং বর্তমানে ইরানের অস্থায়ী বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে।
প্রথমে ইরান দলের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থান করার। তবে দুই দেশের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ভিসা জটিলতার আশঙ্কা দেখা দিলে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরান দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন দিলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে অ্যারিজোনার নির্ধারিত বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর তিজুয়ানাকে প্রস্তুতি শিবির হিসেবে বেছে নেয় ইরান ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে খেলবে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে দলটি।
বিশ্বকাপকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার প্রভাব থাকলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেছে ইরান। নিরাপত্তা, ভ্রমণ ও প্রশাসনিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে দেশটির জাতীয় ফুটবল দল।