সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও সন্দেহজনক হামের উপসর্গে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। ফলে একদিনেই মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৮০ হাজার ১০৪ জনে। একই সময়ে সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আর ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন।
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।