সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুলে ধরে জাতীয় সংসদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির অধীনে দেওয়া নোটিশের ওপর দুই মিনিটের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রুমিন ফারহানা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির অপেক্ষায় ছিলেন, তবে অনুপস্থিতিতেই বক্তব্য দিতে হচ্ছে। তিনি দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তার বক্তব্য অনুযায়ী, এ সময়ে ৪৭৬টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া মার্চ ও এপ্রিল মাসে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি, চুরির ঘটনা ২ হাজার ২১৪টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৪৯৬টি। ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জনের মধ্যে।
রুমিন ফারহানা বলেন, এসব পরিসংখ্যান গত তিন মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। তিনি উল্লেখ করেন, সরকারের সফলতা বা ব্যর্থতার বড় অংশ নির্ভর করে অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতার ওপর।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও স্পষ্টভাবে বক্তব্য উপস্থাপন করা যেত। সরকারের সফলতার অন্তত ৫০ শতাংশ দায় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।