সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় অংশ নিতে গিয়ে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমদ হানজালা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হওয়ায় তিনি সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশে হানজালা বলেন, তিনি এভাবে কথা বলতে চাননি, তবে ঘটনার কারণে তাকে সংসদে বিষয়টি তুলতে বাধ্য হতে হয়েছে। তিনি জানান, গত ৩০ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ একজন তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করে।
হানজালা বলেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি অভিযোগ করেন, একজন বর্তমান সংসদ সদস্যকে প্রকাশ্যে ‘জঙ্গি’ বলে ডাকা হলে তা শুধু ব্যক্তিগতভাবে অপমানজনক নয়, সংসদের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। তিনি ধারণা করেন, মাথায় পাগড়ি এবং গায়ে সাদা পোশাক থাকার কারণেই হয়তো তাকে এভাবে অপমান করা হয়েছে।
তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সার্জেন্ট অ্যাট আর্মসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হোক।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের সময় হানজালাকে লক্ষ্য করে পেছন থেকে একজন বলে ওঠে, ‘ওই যে জঙ্গি এমপি যায়।’ এই ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।