বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে না। তবে অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার জন্য আহ্বান করা হয়েছে।