অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কার্যক্রম আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চালু থাকবে।
আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন।
বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, “বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, গতকাল রবিবার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, “নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।” তিনি আরও উল্লেখ করেছিলেন, “আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না।”