পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বাউফল থেকে ১১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের পুকুরে পড়ে যায়। যাত্রীদের অভিযোগ, সরু বাউফল-বগা সড়কে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান। দুর্ঘটনায় আহত যাত্রী আশ্রাফ (৪০) বলেন, “চালককে বারবার গতি কমাতে বললেও তিনি শোনেননি। কিছুক্ষণ পরই গাড়িটি পুকুরে পড়ে যায়।”
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক জানিয়েছেন, দুর্ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।