সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে। মঙ্গলবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি’র সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই চোরাচালানকৃত পণ্যগুলো উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২১৩/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থান থেকে ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন