ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। এক সময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও পরবর্তীতে তিনি রাজনীতিতেও সক্রিয় হন এবং টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে তার সেই যাত্রা আর এগোয়নি।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিদ্দিকের জীবন নতুন মোড় নেয়। বিভিন্ন ঘটনায় নাম জড়ানো এবং মামলা হওয়ার পর এক পর্যায়ে মারধরের শিকার হন তিনি। এরপর ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর টানা প্রায় ১১ মাস কারাগারে কাটাতে হয় এই অভিনেতাকে। অবশেষে চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান।
মুক্তির পর নিজের পরিবর্তনের কথা তুলে ধরে সিদ্দিক বলেন, দীর্ঘ সময় কারাগারে থাকার অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি জানান, কারাগারে তিনি ছিলেন ১০ মাস ২২ দিন এবং এই সময়টাকে তিনি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তার ভাষায়, একজন শিল্পী হিসেবে তিনি ভেবেছেন সময়টা নষ্ট না করে নিজের উন্নয়নে ব্যবহার করবেন। তিনি বলেন, আল্লাহই তাকে পরিবর্তনের পথে নিয়ে গেছেন।
কারাগারের জীবন সম্পর্কে তিনি জানান, আগে তিনি ধর্মীয় চর্চায় নিয়মিত ছিলেন না। কিন্তু জেলে যাওয়ার পর নিয়মিত কোরআন পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং আত্মঅনুশীলনের মাধ্যমে তার অভ্যাস বদলে যায়। তার মতে, কারাগারে চিন্তা করার সময় বেশি পাওয়া যায়, ফলে আগের সব রুটিন ও জীবনদর্শনে পরিবর্তন এসেছে।
সিদ্দিক আরও জানান, কারাগারে থাকা অবস্থায় একটি বাক্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’। তিনি বলেন, যেহেতু তাকে নিরাপদে রাখা হয়েছে, তাই তিনি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছেন।
শুধু মানসিক পরিবর্তন নয়, সৃজনশীল কাজেও নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেতা। তিনি দাবি করেন, জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন, কারাগারের অভিজ্ঞতা এবং পরিবর্তনের গল্প নিয়ে একটি বই লেখার কাজও শুরু করেছেন তিনি।
তবে মুক্তির পরও সেই অভিজ্ঞতার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারে0ননি বলে জানান সিদ্দিক। তিনি বলেন, এখনো ট্রমা কাজ করছে এবং শারীরিক ও মানসিকভাবে আগের রুটিনে ফিরতে সময় লাগছে।
বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং কারাগারে লেখা গল্পগুলো গুছিয়ে আবারও নিয়মিত অভিনয়জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন কাজ নিয়ে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা।