নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকায় প্রধান ফিলিং স্টেশনের সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন নারীকে আটক করা হয়।
আটককৃতের হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোসা. খাদিজা আক্তার (২৮)। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা ও বন্দর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ