দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়লেও সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেক শিশু ঘরের পুষ্টিকর খাবারের পরিবর্তে ফাস্টফুডের দিকে ঝুঁকছে, যা তাদের শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে শিশুদের নিয়মিত কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর শারীরিক গঠনে মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি শিশুর শরীরে দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তি তৈরি করে এবং ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে।