ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া নবীন দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয়লাভ এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা—এটি অসাধারণ অর্জন।”
তিনি বলেন, “চব্বিশের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি আজও অম্লান। আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল সেই আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছে। সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে।”
প্রফেসর ইউনূস আরও বলেন, “গণতন্ত্র বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে, নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয়। আপনার দলের সাফল্য প্রমাণ করে, জনগণ বিশেষত তরুণসমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন আপনাদের বড় দায়িত্ব।”
তিনি নাহিদ ইসলামকে মনে করিয়ে দেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
বার্তার শেষে প্রফেসর ইউনূস নাহিদ ইসলানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।