বহুল আলোচিত ঢাকা-৮ আসনের চূড়ান্ত ফলাফল অবশেষে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। সন্ধ্যার পর থেকেই ফলাফল ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ জমা দেন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোট। এ আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যালট পেপারের একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল এবং তার পাশের অংশটি ফাঁকা ছিল। ওই সাদা জায়গায় অনেক ভোটার সিল দিয়েছেন। বিএনপির দাবি, ওই সিলগুলোকে ধানের শীষ প্রতীকের ভোট হিসেবে গণনা করতে হবে। তবে এ দাবির বিরোধিতা করছে এনসিপি।
রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুনরায় ভোট গণনার দাবি জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, বাতিল ভোটগুলো যেন গণনায় অন্তর্ভুক্ত না করা হয়।
ফলাফল ঘোষণার পরও এ আসনকে ঘিরে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। পুনর্গণনার দাবি নিয়ে এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।