ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ও সড়কে যানবাহন বিকলের কারণে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী হাজারো যাত্রী।
শনিবার (৬ জুন) ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভারব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন কখনো স্থবির, কখনো ধীরগতিতে চলাচল করছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক একযোগে রাজধানীর দিকে রওনা হওয়ায় সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর মধ্যে শুক্রবার ভোরে যমুনা সেতুর ওপর ঢাকামুখী লেনে চলাচলকারী দুটি ফিটনেসবিহীন বাস বিকল হয়ে পড়ে। ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং সেখান থেকেই দীর্ঘ যানজটের সূত্রপাত ঘটে।
শুক্রবার শুরু হওয়া এ যানজট শনিবারও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় উদ্বেগের মধ্যে রয়েছেন।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতের বৃষ্টিপাত, সেতুর ওপর দুর্ঘটনা এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।
এদিকে মো. শরিফ জানান, মহাসড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।