টানা তিন দিনের মতো আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে মাত্র ১ সেকেন্ডের ব্যবধানে রাজধানী ঢাকায় দুই দফা কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এর ঠিক পরেই সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূ-কম্পন আঘাত হানে, যার মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা অঞ্চল।
এ নিয়ে মাত্র দুই দিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় তিনবার ভূমিকম্প আঘাত হানল। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশকে কেন্দ্র করে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আরও এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী কেন্দ্রস্থল রেখে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় দেশকে। সেই মাঝারি মানের ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ভবন থেকে ইট খসে পড়া ও আতঙ্কিত হয়ে দৌঁড়াদৌড়ি বা লাফিয়ে নামার কারণে অন্তত চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, টানা ভূমিকম্পের এ পরিস্থিতি সতর্ক হওয়ার জন্য যথেষ্ট। ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি প্রস্তুতিও আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।