আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সব সময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়াতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সরকার চায় দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক এবং জুডিশিয়ারির ওপর বিশ্বাসের জায়গা আরও শক্তিশালী হোক। বিচার বিভাগকে জনগণের কাছে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে মানুষ ন্যায়বিচারের জন্য ভরসা করতে পারে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থান সমতুল্য হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের প্রতিষ্ঠানগুলো যেন মানুষের ক্ষোভ বা আক্রমণের জায়গায় পরিণত না হয়, সেই পরিস্থিতি সরকার আর দেখতে চায় না।
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, যদি তাদের কোনো দাবি বা বক্তব্য থাকে, তাহলে তা সুপ্রিম কোর্ট এবং সরকার বিবেচনা করবে। তবে তিনি বিচারকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।