পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যও শপথ গ্রহণ করেছেন।
গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০৭টি আসন অর্জন করে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের সূচনা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অমিত শাহ জানান, বিধায়ক দলের প্রস্তাবনায় একমাত্র নাম হিসেবে শুভেন্দুর নামই উঠে এসেছে এবং অন্য কোনো প্রার্থী সামনে আসেননি।
শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। স্থানীয় সময় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়, যা বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
নতুন মন্ত্রিসভায় পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে তারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান বলেও জানা গেছে।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে চলছিল। নির্বাচনে দলের জয়ের পর সেই আলোচনা বাস্তবে রূপ নেয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন শুরু হলো এবং নতুন সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।