গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত উদ্ধার করে এবং এলাকা নিরাপত্তার আওতায় নেয়।
এদিকে বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, অজ্ঞাতনামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে দুটি হাতে বানানো পটকা সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।