ঢাকা-১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক কেন্দ্রের বাইরে ভোটারদের ওপর ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার পৌনে ৩টার দিকে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা রয়েছে এবং কেন্দ্রের বাইরের কিছু জায়গায় আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
মামুনুল হক আরও জানান, সুনির্দিষ্টভাবে রায়ের বাজারে ৩৪ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি রাজেশ খানের নেতৃত্বে ভোটারদের ওপর আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ইউসেফ স্কুল কেন্দ্রে এবং ৩৪ নং ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া আগারগাঁও-তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা লক্ষ্য করা গেছে।
তিনি এই পরিস্থিতি থেকে নিরাপদ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।