যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) তেহরান এই সিদ্ধান্তের কথা জানায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী এখন থেকে “পূর্বের অবস্থায়” ফিরে যাবে এবং পুরো নৌপথে নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব সশস্ত্র বাহিনী নেবে।
ফারস নিউজ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “জলদস্যুতা” হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির দাবি, ইরানের বন্দর ও নৌপথে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বহাল থাকবে।
এর আগে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্ক করে বলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ এই জলপথ উন্মুক্ত রাখা হবে না। তার এমন মন্তব্যের পরই আইআরজিসি এই ঘোষণা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করতে পারে।