বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এখন থেকে এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানা গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হয়েছে এবং এ সময় সব বাণিজ্যিক জাহাজের চলাচল অবাধ থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেন, হরমুজ প্রণালি এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে তিনি জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
ট্রাম্প আরও বলেন, আলোচনার বেশিরভাগ বিষয়েই ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং সমঝোতার প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া উচিত বলে তিনি আশা করেন।
এর আগে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হয়, যা এই কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।