স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের কার্যকর উদ্যোগের অভাবে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি দাবি করেন, নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পরপর হামের প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালিত হলেও ২০২০ সালের ডিসেম্বরের পর গত সাড়ে পাঁচ বছরে কোনো কার্যক্রম হয়নি। এর ফলে অনেক শিশুর মধ্যে একসঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং রোগটির তীব্রতা বেড়েছে।
তিনি জানান, চলতি মাসের ৪ তারিখ থেকে ধাপে ধাপে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হয়, এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চারটি সিটিতে তা সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে ২০ তারিখ থেকে সারাদেশে এই কর্মসূচি চালু করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বগুড়ায় এই জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণ আর বাড়বে না।
এদিকে, জলাতঙ্ক নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে তার বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।