আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তারা রাতযাপন করতে পারবেন কিনা, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রসঙ্গত, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৯ মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছিল। দীর্ঘ বিরতির পর এবার আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপটি।