জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্ব নিজের হাতে গড়া যায় না; তা নির্ধারিত হয় ওপরওয়ালার ফয়সালায়। তিনি বলেন, “নেতৃত্বের সিদ্ধান্ত আসমান থেকে আসে। জমিনে বসে কেউ নেতৃত্ব ঠিক করে দিতে পারে না। শত চেষ্টা করেও কেউ তা বদলাতে পারবে না। আমরা কেবল একটি ‘অসিলা’ মাত্র।”
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। পথসভায় তিনি মানুষের সঙ্গে একাত্মতার সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই, তবু দেবীদ্বার আমি ছাড়ব না। জিতি বা হারি—দেবীদ্বারের মানুষের সঙ্গেই আমি থাকব। এ দেবীদ্বারই আমার পরিচয়, এখানকার মাঠ-ঘাট, গাছপালা, আলো-বাতাসই আমার অক্সিজেন। আমি ভোট চাইতে আসিনি; এসেছি পরিচিত হতে, এসেছি দোয়া চাইতে।”
তিনি আরও বলেন, যুগে যুগে এই দেশের নেতৃত্ব উঠে এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি—এদের হাত থেকেই আসল নেতা তৈরি হয়েছে। অথচ সমাজের উচ্চবিত্তের একাংশ এসব পরিশ্রমী মানুষকে মানুষ হিসেবেও দেখে না; ‘কামলা’ বলে অপমান করে। তিনি জানান, সেই অবহেলিত-বঞ্চিত মানুষের সন্তান হিসেবেই তিনি আজ প্রার্থী হয়েছেন। এখন থেকে নিজের দায়িত্ব জনগণের হাতে তুলে দিতে চান বলেও জানান তিনি।