জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রামে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই হারে আন্তঃজেলা বাসভাড়াও বাড়ানো হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা পরিবহনেও একই হারে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
এর আগে দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বিষয়ে বৈঠক শুরু হয়। সড়ক পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন মালিকদের প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও আলোচনার পর তা কমিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নতুন ভাড়ার এই সিদ্ধান্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতের ব্যয় বৃদ্ধি সামাল দিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।