প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশের জন্যও তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি প্রবাসীদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়টি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন সংক্রান্ত সমস্যায় অনেকেই তাদের কাছে প্রতিকার চেয়ে যোগাযোগ করেছেন। তিনি এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের এই জরুরি সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।