ডিজেলের তীব্র সংকটের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অন্যতম ব্যস্ততম নৌ-যোগাযোগ কেন্দ্র কলাপট্টি খেয়াঘাট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন এই ঘাট দিয়ে যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ডিজেল সরবরাহ স্বাভাবিক না থাকায় খেয়া নৌকাগুলো চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মাঝিরা। কলাপট্টি খেয়াঘাটটি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় এই অচলাবস্থা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে।
খেয়া পারাপারের ওপর নির্ভরশীল শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেকেই বিকল্প পথে দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচ করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এতে সময় ও অর্থ—উভয় দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
স্থানীয় এক যাত্রী জানান, “প্রতিদিন এই ঘাট দিয়ে কাজে যাতায়াত করি। খেয়াঘাট বন্ধ থাকায় এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে, এতে সময়ও বেশি লাগছে, খরচও বাড়ছে।”
খেয়া মাঝিরা জানান, ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে তারা নৌযান চালাতে পারছেন না। পর্যাপ্ত ডিজেল না পেলে খেয়া চালু রাখা সম্ভব নয় বলেও তারা জানান।