ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও দলের একাধিক প্রার্থী না থাকে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
বৈঠকে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনে যেসব ভুল বা দুর্বলতা ছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। স্থানীয় পর্যায়ে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী নির্ধারণেরও নির্দেশ দেন তিনি।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে সাংগঠনিক সভা করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সভায় সরকার পরিচালনায় জনগণের প্রতি দায়বদ্ধতা, সাংগঠনিক পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি একটি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এসব সভা করছেন দলের চেয়ারম্যান।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচনের আগেই দলের পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন এবং তৃণমূলে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাই সব ধারাবাহিক বৈঠকের মূল লক্ষ্য।